দেশবরেণ্য সংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে বিকেল সাড়ে ৩টায় মরহুমের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ।
সুনামগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জেলা প্রশাসনসহ নানান শ্রেণি পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
ঢাকা, সিলেটের পর সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর দুপুর ২টা ২৫ মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে।
এসময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর হাবিবুর রহমানের ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, পীর হাবিবের ছেলে আহনাফ ফাহমিন অন্তর।
পীর হাবিবের ছেলে অন্তর তার বাবার জন্য সবার কাছে দোয়া চান একইসঙ্গে তার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চান।




সুনামগঞ্জ প্রতিনিধি



