সুনামগঞ্জের দোয়ারাবাজারে টেবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে আধুনিক ও লাভজনক মাছ চাষের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী এক মৎস্যচাষী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় ৪২ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে এ কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালায় মৎস্যচাষীদের আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর বিশেষ কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক ফিশারিজের প্রোডাকশন অফিসার অরজিৎ কুমার বসাক এবং অফিসার (সেলস) মোঃ রাকিবুল ইসলাম। তারা আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মানসম্মত রেণু ও পোনা নির্বাচন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং জৈব নিরাপত্তা ও মাছের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, মাছ চাষে সফলতা অর্জনের জন্য উৎপাদনের শুরুতেই পুকুর শুকিয়ে রোদ লাগানো, চুন প্রয়োগ, আগাছা ও অবাঞ্ছিত মাছ অপসারণ এবং পরিষ্কার ও দূষণমুক্ত পানি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বীকৃত হ্যাচারি থেকে রোগমুক্ত ও মানসম্মত পোনা সংগ্রহ এবং সঠিক সময়ে সঠিক পরিমাণ খাদ্য প্রয়োগের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজের উন্নত জাতের তেলাপিয়া, কার্প ও ক্যাটফিশের রেণু ও পোনার নানাবিধ বৈশিষ্ট্য মৎস্যচাষীদের সামনে তুলে ধরা হয়। বক্তারা জানান, উন্নত ব্রুড ব্যবস্থাপনা ও সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত ব্র্যাকের এসব পোনা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ায় যেকোনো প্রতিকূল পরিবেশেও চাষীরা কাঙ্ক্ষিত উৎপাদন পেতে সক্ষম হবেন।
দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪২ জন মৎস্যচাষীর অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরে কৃতকার্য ও বিজয়ী চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালাটি অত্যন্ত বাস্তবমুখী ও তথ্যবহুল হওয়ায় অংশগ্রহণকারী স্থানীয় মৎস্যচাষীরা গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




দোয়ারাবাজার প্রতিনিধি



