শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সন্দেহ ও প্রশ্ন রেখে যাওয়া সিলেটের ম্যাচ

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ১২:১৮:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সানরাইজার্স মাঠের লড়াই একপাশে ঠেলে বাইরের কর্মকাণ্ড দিয়েই হয়তো আলোচনায় থাকতে বেশি পছন্দ করছে! তা নয়তো কী। একের পর এক মাঠের বাইরের কর্মকাণ্ডে শিরোনামে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। নতুন করে যে আলোচনায় তারা, সেখানে বেশ কিছু প্রশ্নের জন্ম হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে হুট করেই জানা যায় টাকা না পেলে সিলেটের হয়ে খেলবেন না তাসকিন আহমেদ। পরবর্তীতে তাসকিন জানান, ভুল বোঝাবুঝির কারণেই নাকি এমন পরিস্থিতির তৈরি হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের তৎপরতায় সেটি সমাধান হয়। তবে সিলেট নিয়ে আলোচনা শেষ হয়নি। সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাদের হুট করেই অধিনায়ক বদল অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মোসাদ্দেক অধিনায়কত্ব করতে চাননি বলেই তাকে বাদ দিতে হয়েছে। তার বদলে খুলনার বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন রবি বোপারা।

ইংলিশ এই অলরাউন্ডার সিলেটে প্রথম ম্যাচ খেলতে নেমে অনেক প্রশ্ন রেখে গেছেন। প্রথমত, দলের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক না এসে টস করতে আসেন তিনি নিজে। যেকোনও পরিস্থিতিতে হুট করে এমন দৃশ্য দেখা বিস্ময়কর। কারণ সিলেট দল থেকে আগে জানানো হয়নি তাদের অধিনায়ক বদলের কথা।

হ্যাঁ, ম্যাচের আগে অধিনায়ক বদল নতুন কোনও ঘটনা নয়। চলতি বিপিএলে চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে হুট করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন মিরাজ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার সন্দেহ ওখানে ফিক্সিংয়ের মতো কিছু হতে পারে। মিরাজ দাবি করেছিলেন, তাকে রেখে কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয়! যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল ওই ধরনের কিছু খুঁজে পায়নি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের মাঠে অধিনায়ক বদল করেছিল। সিলেটও হাঁটলো সেই পথে। সিলেটের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মোসাদ্দেক নাকি নিজের পারফরম্যান্সে ফোকাস করতেই অধিনায়কত্ব করতে চাইছেন না। ফলে বোপারার কাঁধেই তুলে দেওয়া হয়েছে অধিনায়কের গুরু দায়িত্ব।

বিপিএলে অধিনায়ক বদলের ঘটনা নতুন না হলেও নেতৃত্ব বদল হলেই খোঁজা হয় ফিক্সিংয়ের গন্ধ। ২০১২-১৩ মৌসুমে বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের ঠিক আগমুহূর্তে ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দল থেকে বাদ দিয়ে নেতৃত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। পরে আকসুর তদন্তে বেরিয়ে আসে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি। সিলেটের মাঠে সিলেট সানরাইজার্স কি এমন কিছু করার চেষ্টা করেছে?

প্রশ্নটা এই কারণে উঠছে কারণ দুয়ে দুয়ে চার মেলানোর মতো অনেক কিছুই ঘটেছে সোমবারের ম্যাচে। সন্দেহের জন্ম নিয়েছে মাঠের ভেতর কিছু ঘটনা। যেমন,টস শুরুর আগে জানা যায় ইনজুরিতে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তাসকিন।তার বদলে সুযোগ পান ঘরোয়া ক্রিকেটে অল্পবিস্তর অভিজ্ঞতা থাকা একেএস স্বাধীন। দলে সুযোগ পাওয়া স্বাধীন প্রথম ম্যাচেই নেমে পড়লেন মাঠে।যদিও আবার এমনও হতে পারে,টিম ম্যানেজমেন্টের ভাবনাতে স্বাধীন আগেভাগেই ছিলেন।

তাছাড়া হঠাৎ নেতৃত্ব পাওয়া বোপারা ম্যাচে এমন দুটি ঘটনা ঘটিয়েছেন,যা সন্দেহ করার জন্য যথেষ্ট। ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে বল টেম্পারিং করেছেন বোপারা।নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার তার চেষ্টা ক্যামেরায় ধরা পড়ে। আম্পায়ারদেরও চোখ এড়ায়নি ঘটনাটি। ফলে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হয় প্রতিপক্ষ খুলনাকে।

ঘটনা এখানে শেষ হতে পারতো, কিন্তু আবারও সন্দেহজনক কাজ করেছেন বোপারা। প্রথম ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। মুশফিকের বিপক্ষে বল ডেলিভারি করার আগেই বোপারার কোমড়ে থাকা রুমাল মাটিতে পড়ে যায়।

সরল দৃষ্টিতে এই সব ঘটনা স্বাভাবিক মনে হলেও স্পট ফিক্সিংয়ের ব্যাপারগুলো তো এই ধরনের কর্মকাণ্ডেই ঘটে!


সিলেট প্রতিদিন / এম এ আর


Local Ad Space
কমেন্ট বক্স