উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেলিনে শাহরুখ খান। সেখানে দুহাত ওপরে তুলে প্রার্থনা করেন বলিউড বাদশাহ।
আর তার পাশেই ম্যানেজার পূজা দাদলানি সনাতন ধর্মীয় রীতি মেনে প্রার্থনা করেন। মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠানে একই ফ্রেমে দুই ধর্মীয় রীতিতে প্রার্থনার দৃশ্য হৃদয় ছুঁয়েছে কোটি কোটি মানুষের। অথচ সেই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শাহরুখ খানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে নানা কথা।
দুই হাত তুলে দোয়ার শেষে মুখের মাস্ক খুলে শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহরুখ। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার কয়েক ঘণ্টার মধ্যেই। হাত তুলে দোয়ার শেষে মুখ থেকে মাস্ক নামিয়ে দুই ঠোঁট সরু করে একটি বিশেষ ভঙ্গিমাও করেন। শাহরুখের ওই মুখভঙ্গি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
ভারতের একাংশ যখন তার প্রথম ভঙ্গির প্রশংসায় পঞ্চমুখ, পাশাপাশি তার ম্যানেজারের জোড় হাতে প্রণাম ও তার ‘দুয়া’কে ‘মিনি ইন্ডিয়া’ বলে গর্ববোধ করছেন। ঠিক তখনই আর এক শ্রেণির মানুষ প্রশ্ন তুলেছেন, অভিনেতার পরের মুহূর্তের মুখভঙ্গি নিয়ে। তারা জানতে চেয়েছেন, লতার মরদেহের সামনে কি থুতু ছেটাচ্ছেন অভিনেতা?
দেশটির এক বিজেপি নেতা অরুণ যাদবের প্রশ্ন থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। অনেকে টুইট করে প্রকাশ্যে অভিনেতাকে আক্রমণ করেছেন। কেউ জানতে চেয়েছেন, ‘লতার মরদেহের সামনে তোমার মাস্ক নামানোর কী দরকার ছিল?’ আবার কেউ সরাসরিই প্রশ্ন করেছেন, ‘কেন আপনি থুথু ছিটিয়ে অসম্মান করেছেন লতাকে?’
কিন্তু বাস্তবে ঠিক কী করেছিলেন শাহরুখ? শাহরুখ লতার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন তার ধর্মীয় রীতি মেনে। মুসলমানদের রেওয়াজ অনুযায়ী ‘দুয়া’ বা প্রার্থনা করার পর যার জন্য প্রার্থনা, তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। অশুভ শক্তিকে দূরে সরানোর প্রতীকী অর্থেই ওই নিয়ম পালন করা হয়। শেষ শয্যায় লতার জন্যও সেই রেওয়াজই পালন করছিলেন সুপারস্টার। মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন তিনি। থুথু ছেটাননি।
যদিও আক্রমণকারীরা এ সব ব্যাখ্যার ধার না ধেরে প্রকৃত বিষয়টি না জেনেই শাহরুখ খানকে আক্রমণ করে গিয়েছেন। বিস্মিত শাহরুখ ভক্তদের জবাব, এমন পবিত্র বিষয়কেও এমন খাটো করে দেখা যায়!




বিনোদন ডেস্ক



