চট্টগ্রামের বাকলিয়ায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সামিয়া খালেদের মৃত্যু হয়।
রোববার একই হাসপাতালে মারা যান সামিয়ার বড় বোন সাবরিনা খালেদ। সাবরিনা খালেদ চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। সামিয়া উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত। তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার ফতেহ নগরে। মাকে নিয়ে নগরের বাসায় থাকতেন দুই বোন। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
এর আগে, গেল ৩ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের বাকলিয়া চান্দাপুকুর পাড় এলাকায় একটি বহুতল ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস জানায়, সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ অথবা চুলা থেকে গ্যাস জমে বিস্ফোরণ হয়।
এতে কলেজ পড়ুয়া দুই বোন, সামিয়া ও সাবরিনা দগ্ধ হন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।




প্রতিদিন ডেস্ক



