জকিগঞ্জ প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী, সচিব চৌধুরী মামুন আকবর, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পীরনগরে মরিয়ম এবাদ মহিলা কলেজ (প্রস্তাবিত) পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকেলে কলেজের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে বোর্ড চেয়ারম্যান বলেছেন মরিয়ম এবাদ মহিলা কলেজ প্রতিষ্ঠাায় অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের পক্ষ থেকে যা করণীয় তা করবেন বলে আশ্বাস প্রদান করেন। বোর্ড সচিব বলেন প্রবাসে থেকেও শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন শিক্ষানুরাগী এবাদ। এটির কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার নিশ্চয়তা দেন তিনি। কলেজ পরিদর্শক সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ায় আমেরিকা প্রবাসী কাজী এবাদের প্রশংসা করেন।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র ইকবাল আহমদ বলেন বীরশ্রী তথা জকিগঞ্জের নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা রাখবে মরিয়ম এবাদ মহিলা কলেজ। যেটি চালু হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে, এই শিক্ষা প্রতিষ্ঠান। মরিয়ম এবাদ মহিলা কলেজ (প্রস্তাবিত) এর প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী কাজী এবাদ বলেন দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকলেও মন পড়ে আছে মা মাটি আর মানুষের মাঝে, আমার মরহুম সহধর্মিণী মরিয়মের নামানুসারে প্রতিষ্ঠিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে। পীরনগর এক নম্বর গেইটের সন্নিকটে, জকিগঞ্জ শেওলা সিলেট সড়কের পাশেই এক একর জায়গায় মরিয়ম এবাদ মহিলা কলেজ নির্মাণ কাজ শুরু হবে শীঘ্রই। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড এই মহিলা কলেজ প্রতিষ্ঠায় খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা কাজী মো. আজগর আলী, সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর উদ্দিন, সাবেক ইউপি সদস্য কাজী আব্দুল মতিন, সাংবাদিক এনামুল হক মুন্না, সাবেক ইউপি সদস্য কাজী জিয়া উদ্দিন, এমাদ উদ্দিন ও কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবিদ হাসান।
পরে বোর্ডের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তারা বিদ্যালয়ের কার্যক্রম অবহিত হওয়ার পাশাপাশি চারতলায় অবস্থিত মাল্টিমিডিয়া ক্লাসরুম পর্যবেক্ষণ করেন। সেখানে অর্থাৎ কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে এসএসসির কেন্দ্র চালুর বিষয়ে বোর্ড চেয়ারম্যান আশ্বাস প্রদান করেন। এ সময় শিক্ষকবৃন্দ, এলাকাবাসী সহ অনেকেই উপস্থিত ছিলেন।




জকিগঞ্জ প্রতিনিধি



