ফলাফল স্থগিত হওয়া কামালবাজার ইউনিয়নের ২টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনঃনির্বাচন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার তানজিদা আফরিন ছন্দা জানিয়েছেন, পুনঃনির্বাচনের পরবর্তী তারিখ শিগগির-ই নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে। এর আগে উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে বৃহস্পতিবার পুনঃনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে দক্ষিণ সুরমা উপজেলার দু’টি ইউনিয়নের ১টি কামালবাজার ইউনিয়নেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদসহ অপর ৭টি ওয়ার্ডের সাধারণ সদস্য এবং সংরক্ষিত ৩টি মহিলা সদস্য পদে বিজয়ীর নাম ঘোষণা করা হলেও ৬নং ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী ছোয়াব আলী (ফুটবল) ও আমীর আলী (তালা) সমানসংখ্যক ১১২টি করে এবং ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী বাহার উদ্দিন (সিলিং ফ্যান) ও আনোয়ার হোসেন (ফুটবল) সমানসংখ্যক ৮৭টি করে ভোট পান। ফলে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা থেকে বিরত থাকেন।
এই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার তানজিদা আফরিন ছন্দা পুনঃনির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্তে সায় দেয় নি। তবে শিগগির-ই পুনঃনির্বাচনের তারিখ নির্বাচন কমিশন থেকে ঘোষণাসাপেক্ষ পুনঃ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




প্রতিদিন ডেস্ক



