রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকরা বঞ্চিত

বিশ্বনাথে মা-বাবা ও ছেলের নামে দেয়া হলো মানবিক সহায়তা!

  • প্রকাশের সময় : ২২/০৭/২০২৬ ২১:৫৬:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
68

সিলেটের বিশ্বনাথে হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মানবিক সহায়তা প্রদানে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার ও স্বজনপ্রীতির ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।


মাঠ পর্যায়ে যাচাই-বাছাই না করে প্রভাবশালী মহলের সুপারিশে তালিকায় একই পরিবারে একাধিক সদস্য মা-বাবা, ছেলে, যারা এই মৌসুমে কোনো ফসলি জমি আবাদই করেননি ও ধান মাড়াই করে নিরাপদে ঘরে তুলেছেন এমন ব্যক্তিরা পেয়েছেন এই সুবিধা। আর প্রকৃতপক্ষে যাদের ফসল পানির নিচে তলিয়ে সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে এই সহায়তার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকরা চরম হতাশা, ক্ষোভ আর আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন।


এতে করে প্রধানমন্ত্রী ও সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের স্বচ্ছতা এবং বিশ্বাস যোগ্যতা মারাত্মক ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন এলাকার কৃষকরা।


এমন অভিযোগ এনে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘চাউলধনী হাওর’ পারের ১৭টি গ্রামের ২৯ জন কৃষক। বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১৭ গ্রামের ২৯জন কৃষক স্বাক্ষর করে এই অভিযোগ দায়ের করেন।


ক্ষতিগ্রস্থ কৃষকদের এই অভিযোগ ও আপত্তি যথাযথ ভাবে বিবেচনায় নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেন। এছাড়াও অভিযোগে দায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যেও তারা দাবি করেন।


এদিকে তারা স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিলেট, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের কাছে অনুলিপি দিয়েছেন।


জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার বিল্লাল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে কমিটি ছাড়া আমি একা কিছুই বলতে পারবো না।


বিষয়টির ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশিম বলেন, যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যে কৃষকরা বঞ্চিত হয়েছেন যদি সুযোগ থাকে তাহলে তাদেরকে দেয়ার ব্যবস্থা করবেন বলে জানান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স