৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের দিন গত ৩১ জানুয়ারি সোমবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনায় নিহত মারুফ আহমদের পিতা ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ছোয়াব আলীকে সমর্থন জানিয়েছেন তার সাথে সমান ভোট পাওয়া আমির আলী।
মঙ্গলবার কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ছোয়াব আলীর বাড়িতে এক বৈঠকে তিনি এই সমর্থন জানান।
মোঃ ছোয়াব আলীকে সমর্থন জানানোর বিষয়টি সিলেট প্রতিদিনের কাছে স্বীকার করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আমির আলী।
তিনি জানান, মঙ্গলবার ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ছোয়াব আলীর বাড়িতে এক বৈঠকে তিনি তাকে সমর্থন জানান।
বৈঠকে সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, কামালবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকরামুল হক, কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ছোয়াব আলী, আমির আলী, মরহুমের চাচা মাসিক বাসিয়া সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় গত ৩১ জানুয়ারি সোমবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ছোয়াব আলীর ছেলে মারুফ আহমদ নিহত হওয়ায় শোকাহত পরিবারকে সান্তনা দেয়ার পাশাপাশি ওই দিনের ভোটে সমান সংখক ভোট পাওয়া মোঃ আমির আলী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ছোয়াব আলীকে সমর্থন দেন।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা মোঃ ছোয়াব আলীকে সমর্থন দেয়ায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আমির আলীকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গ, গত ৩১ জানুয়ারি সোমবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটে সদস্য পদে মোঃ ছোয়াব আলী ফুটবল প্রতিকে ১১২ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমির আলী তালা প্রতিকে সমান সংখক ভোট পান। একই ওয়ার্ডে মাহমুদুল হাসান রাজু আপেল প্রতিকে ১১০ ভোট পান।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপেল প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী মাহমুদুল হাসান রাজু, সুফি আহমদ, ফয়জুল হক, জহুর আলী ও নুরুল আমিনের নেতৃত্বে মোঃ ছোয়াব আলীর বাড়িতে হামলা করা হয়। এতে মোঃ ছোয়াব আলীর ছেলে মারুফ আহমদসহ পরিবারের ৫/৬ জন গুরুতর আহত হয়। এর মধ্যে গুরুতর আহত মারুফ আহমদকে প্রথমে সিলেটে আইসিইউতে ভর্তি করা হয়। এখানে অবস্থার উন্নতি না হওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটায় মারুফ আহমদ মৃত্যুবরণ করেন। তিনি গুপ্তরগাঁও গ্রামের মোঃ ছোয়াব আলীর ছোট ছেলে।
এদিকে, গত ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় কামাল বাজারের গুপ্তরগাঁওস্থ বাড়ির পূর্বের মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মারুফ আহমদের মরদেহ দাফন করা হয়।




প্রতিদিন প্রতিবেদক



