শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

পীর হাবিবের লাশ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হবে আজ

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৪:৩৪:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

বৃহত্তর সিলেট অঞ্চলের কৃতিসন্তান, দেশবরেণ্য সংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহ আজ রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। এসময় তাঁর মরদেহে সাংবাদিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

এর আগে, রোববার বেলা ১১টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পীর হাবিবুর রহমানের মরদেহে সাংবাদিক-সহকর্মীসহ শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সেখানে শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। সেখানেও সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে দুপুর ১টায় সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বিশিষ্ট এই সাংবাদিকের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয়। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে।

রোববার রাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই পীর হাবিবুর রহমানের মরদেহ নেওয়া হবে সুনামগঞ্জ। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন পীর হাবিব। গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন তিনি। এরপর গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে পীর হাবিবকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার স্ট্রোক হলে স্থানান্তর করা হয় ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে। কিন্তু আইসিইউ থেকে আর ফেরা হয়নি তার।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স