চায়ের দেশ খ্যাত সিলেটে ফিরছে ক্রিকেট। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে সবুজ আর সবুজ। যে সবুজের বেশিরভাগজুড়ে চা বাগান। দুই পাতা আর এক কুঁড়ির শহরে এটাই চিরচেনা দৃশ্য। মাঠের মধ্যে একপাশে একটা টিলামতন। সেই টিলারপাশে গড়ে উঠা মাঠে এবার দেশর সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে সিলেটে পৌঁছেছে অংশ নেওয়া দলগুলো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দেশি-বিদেশি ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছে সিলেট। এর আগে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিপিএলের খেলা।
এবারের আসরে ডিআরএস শুরু হয়েছে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় পর্ব থেকে। এরই মধ্যে বিপিএলে কিছু ঘটনা ঘটেছে। মেহেদী হাসান মিরাজ চট্টগ্রামের হয়ে খেলছেন। চট্টগ্রাম পর্বে তিনি হঠাৎ করেই ঘোষণা করেন বিপিএল খেলবেন না! সিলেট সানরাইজার্সের সঙ্গে তার ভুল বোঝাবোঝি হয়েছিল। পরে সেটির সমাধান হয়েছে।
অন্যদিকে ঢাকায় দ্বিতীয় পর্বে মাঠের মধ্যে ই-সিগারেটের মাধ্যমে ধূমপান করে আলোচনার জম্ম দেন শাহাজাদ। এই আফগানিস্তানের এই ক্রিকেটারকে তিরস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তিনি কোড অব কণ্ট্রাক্ট ভঙ্গ করেছেন। তবে মাঠের পারফরম্যান্সে ক্রিকেটাররা দর্শকদের নজর কেড়েছে। সব মিলিয়ে বিপিএল বেশ জমে উঠে।
ঢাকার দুই পর্ব ও চট্টগ্রাম পর্বের পর এবার দেখার অপেক্ষায় যে সিলেট পর্বে কেমন পারফরম্যান্স দেখান দেশি-বিদেশি ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের দিকে দৃষ্টি থাকবে সবার। এছাড়া সিলেটের ক্রিকেটাররাও নিজেদের মেলে ধরতে চাইবেন।




প্রতিদিন প্রতিবেদক



