সিলেটে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো.মজিবুর রহমান।
সম্প্রতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা গড়ার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে ইমামদের সাথে মতবিনিময় সভায় তিনি বিষয়টি জানান।
জেলা প্রশাসক মো.মজিবুর রহমান বলেন, ইতোমধ্যে আমরা স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় নিয়ে আসা হয়েছে।প্রায় সবাই টিকাগ্রহণ করেছে। শুধু সম্ভব হয়নি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়া। কারণ সঠিক তথ্য না থাকায়। তবে এবার জেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে উপজেলা পর্যায়ের সকল কওমি মাদ্রাসার তালিকা তৈরি করে শিক্ষার্থীদের সঠিক তথ্য সংগ্রহ করতে। এক্ষেত্রে কর্তৃপক্ষ সহযোগীতা করতে হবে। তারা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করবেন বলে আশা রাখি।
তিনি আরও বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বা সুপার যদি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে জানান তাঁর এতজন শিক্ষার্থীর টিকা প্রয়োজন। তাহলে নির্বাহী অফিসার সেই মাদ্রাসায় টিকা দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।
জেলা প্রশাসক আর বলেন, মসজিদের অনেক ইমাম-মুয়াজ্জিন টিকা গ্রহণ করেননি।তারা মনে করেন টিকা নিতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়।কিন্তু এখন আর কোনো সমস্যায় পড়তে হয় না।খুব সহজে টিকাগ্রহণ করতে পারবেন। যারা টিকা নেননি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে পারবেন।শুধু মাত্র ভোটার আইডি কার্ড সাথে নিতে হবে। ভোটার আইডি কার্ড দিয়ে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই কেউ আর টিকা দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না।
সভায় মসজিদে আগত মুসল্লিদের মাস্ক পড়ে নামাজ আদায় করার জন্য তাগিদ দিতে সম্মানিত ইমাম-খতিবগণের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।




প্রতিদিন প্রতিবেদক



