অভিবাসন খরচ ছাড়াই ৫ বছরে ২০ হাজার কর্মী নেবে গ্রিস। বাংলাদেশের সাথে ৫ বছরের চুক্তি করেছে দেশটি। এছাড়াও সেখানে অবৈধভাবে থাকা ১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা ও কাজের সুযোগ দেবে ইউরোপের দেশটি। সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ গ্রীস, যেখানে ১ কোটির কিছু বেশি লোকের বাস। এখানকার অর্থনীতি মূলত পরিষেবা ও পর্যটন খাত নির্ভর।
দেশটির জাতীয় অর্থনীতির মাত্র ৩ শতাংশ আসে কৃষিখাত থেকে। তাই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এ খাতে কর্মী নিতে বাংলাদেশের সাথে চুক্তি করেছে গ্রীস। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বুধবার সকালে গ্রীসের অভিবাসন মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর মধ্যে এ সংক্রান্ত কর্মী চুক্তি স্বাক্ষর হয়।
নতুন স্বাক্ষরিত চুক্তি অনুসারে শুণ্য অভিবাসন ব্যয়ে প্রতিবছর ৪ হাজার দক্ষ কর্মী নেবে গ্রীস। এছাড়া সেদেশে অবস্থান করা ১৫ হাজার বাংলাদেশিদের যাচাই বাছাই শেষে কর্মসংস্থানেরও সুযোগ দেয়া হবে।
এদিকে কি প্রক্রিয়ায় কর্মী যাবে তা দুই দেশের কারিগরি কমিটি নির্ধারণ করবে। তবে কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়টিকেই গুরুত্ব দেয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
গ্রীসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী পেনাগিওটিস মিতারাচি জানান, অবৈধ উপায়ে নয়, বৈধভাবেও কাজ নিয়ে গ্রীসে যাওয়ার সুযোগ আছে, এই বার্তা দিতে চায় দেশটি।
মূলত ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রীসের সাথেই শ্রমবাজার ইস্যুতে প্রথম চুক্তি করলো বাংলাদেশ। তবে অবৈধ অভিবাসীদের বিষয়ে এপ্রিলে দেশটির পালার্মেন্টে আইন পাশের পর এ কার্যক্রম শুরু হবে।




প্রতিদিন ডেস্ক



