সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টানা চার বারের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।
তিনি উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা থেকে ফেরার পথে উপজেলা পরিষদ মোড়ে তার উপর এই হামলার ঘটনা ঘটে।
কে বা কাহারা তার উপর এই হামলা করেছেন জানতে চাইলে কবির হোসেন ধলা মিয়া বলেন, যুবদলল ও ছাত্রদলের কিছু ছেলেরা তার উপর এই হামলা করেছেন।
তবে তিনি তাদেরকে সনাক্ত করতে পারেননি। এঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করতে পারেন বলে জানান।
জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হামলার বিষয়টি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া থানায় এসে মৌখিক ভাবে আমাকে অবগত করে গেছেন। প্রয়োজন হলে পরবর্তীতে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন।




বিশ্বনাথ প্রতিনিধি



