সিলেট নগরীর মহাজনপট্টিতে ৩ তলা একটি বিল্ডিং দখলচেস্টার অভিযোগ উঠেছে। জায়গাসহ বিল্ডিং রক্ষায় মালিকপক্ষ আদালতের শরাণাপন্ন হলে আদালত নালিশী জায়গার উপর স্থিতাবস্থা জারি করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সিলেট সদর কোতোয়ালী থানার মিউনিসিপ্যালিটি মৌজার বি.এস. জরিপী দাগ নং-৩১২৩৭ (তিন শতক বারো পয়েন্ট) একর ৩ তলা বিশিষ্ট বানিজ্যিক ভবন ও দোকান রকম ভূমির মালিক নগরীর মিরাবাজার এলাকার বাসিন্দা মোঃ লালা মিয়া গংরা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। গত কয়েকবছর আগে থেকে বিবাদী জিল্লুর রহমান উরফে জিলু মিয়া গংরা এই জায়গা থেকে বাদীপক্ষকে উচ্ছেদ করে জায়গা দখলে নিতে হুমকি দিতে থাকে এবং নানা ভাবে বাদীপক্ষকে হয়রানি শুরু করে। এমতাবস্থায় জায়গা রক্ষায় বাদীপক্ষ সিনিয়র সিভিল জজ সদর আদালত, সিলেটে স্বত্ত্ব মামলা (নং-৪৮/২০২৬) দায়ের করেছেন।
মামলার প্রেক্ষিতে আদালত বিবাদী পক্ষকে কাগজপত্র নিয়ে আদালতে হাজিরের নির্দেশ দিলেও তারা যথাসময়ে আদালতে হাজির না হওয়ায় আদালত জায়গার উপর স্থিতাবস্থা জারি করে বাদীপক্ষের জায়গা ভোগদখলে কোন ধরণের বিঘ্ন সৃষ্টি না করতে নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট রেজাউস সামস শুভ জানান, জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদীপক্ষকে জায়গা ভোগদখলে কোন ধরণের বাঁধা না দিতে আদালত নির্দেশ প্রদান করেছেন।




প্রতিদিন প্রতিবেদক



