"নানা কারণে সিলেটে আলোচিত পরিবহন নেতা আবুল কালাম। প্রভাবশালী পরিবহন নেতা হওয়াতে তার দাপটের কাছে অনেকেই অসহায়। নিজ এলাকাসহ সিলেট বিভাগের বড় অংশের নিয়ন্ত্রণও অনেকটা তার হাতে। পরিবহন ব্যবসাসহ নানা সেক্টরেও দাপটের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।
এবার আলোচনায় এসেছেন ভিন্নভাবে। ১০ বছরের অপেক্ষা করে বিএনপি ছেড়ে পরিবহন খাতে নিজের আধিপত্য ধরে রাখতে পাড়ি দিয়েছিলেন আওয়ামী লীগে।শেখ হাসিনা সরকার পতনের পর আবারও ফিরেছেন পুরনো রাজনৈতিক ঘরে। ' এ যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসার মত। পরিবহন সেক্টরে তার দাপটও আবার সেই আগের মতই।
কালামকে ঘিরে রাজনীতির অন্দরমহলে দেখা দিয়েছে নানা রহস্য। নেতারা কালামকে টেনে দলে আনলেও তৃণমূল এ ব্যাপারে মুখবন্ধ করে রেখেছে। তবে, সিলেটের এই দলবদলের আলোচনায় বিএনপির তরফ থেকে বক্তব্য দেয়া হয়েছে। বিএনপির নেতারা জানিয়েছেন, আবুল কালাম সিলেট বিএনপির সহসভাপতি ছিলেন, ছিলেন উপদেষ্টাও । রাজনৈতিক ও পরিবহন ব্যবসার কারনে এবং শেখ হাসিনা সরকারের দমন পিড়ন থেকে বাচার জন্য তিনি কৌশল করে ঘর পরিবর্তন করেছিলেন।তিনি আবারও আমাদের ঘরে ফিরে এসেছেন।
এ বিষয়ে আবুল কালাম এ প্রতিবেদককে জানান,, ‘আমার সঙ্গে সিলেট বিভাগ তথা দেশের হাজার হাজার শ্রমিক রয়েছে। আমি যেদিকে যাবো তারাও সেদিকে যাবেন।’ তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের পরিবহন ব্যবসা ও সাধারণ শ্রমিকদের কথা চিন্তা করেই আমি আমার ঘরে আবারও যোগ দিয়েছি।তিনি বলেন, আগামী রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে নিয়ে দেশবাসী স্বপ্ন দেখতে শুরু করেছে। আমি আমার অবস্থান থেকে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যা করনীয় করবো।




প্রতিদিন প্রতিবেদক



