শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
বিএনপির মনোনয়ন

সিলেট ৩ আসনে এম এ মালিকে বিস্মিত নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৫ ০০:১৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
253

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটের ৬ সংসদীয় আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গত সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপির ঘোষিত প্রার্থীদের মধ্যে আছেন সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে এম এ মালিক এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে, সিলেটের ৪টি আসনের কয়েকটিতে প্রার্থী তালিকায় হেমিওয়েট প্রার্থীদের নাম না আসা নিয়ে গতকাল দিনভর সিলেটজুড়ে ছিলো আলোচনা-সমালোচনা।


জানা যায়, সিলেট-১ আসনে বিএনপির প্রাথমিক তালিকায় মনোনয়ন পান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হেভিওয়েট প্রার্থী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। মনোনয়ন না পাওয়াতে আরিফুল হক চৌধুরীর অনুসারীরা হতাশা প্রকাশ করেছেন। তবে, তাঁর ঘনিষ্ট সুত্র দাবী করেছে আরিফুল হক চৌধুরী দলীয় হাই কমান্ডের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গতকালই ঢাকায় চলে গেছেন।


সিলেট-৩ আসনে বিএনপির প্রাথমিক তালিকায় মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। এই আসনে হেভিওয়েট প্রার্থী ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। এছাড়াও এই আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালামও দীর্ঘদিন থেকে মাঠে তৎপর ছিলেন।


বিএনপির একটি সূত্র জানিয়েছে, সিলেট-৩ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে স্থানীয় রাজনীতিতে তৎপর হন।


বিএনপি সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যপ্রবাসী এম এ মালেক দীর্ঘ ১৯ বছর পর গত ১৭ অক্টোবর দেশে আসেন। এ সময় তিনি নিজের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলিতে অবস্থান করে নির্বাচনী এলাকার তিন উপজেলায় কিছু সভা-সমাবেশে অংশ নিয়ে কিছুদিন পর দেশ ছাড়েন। পরে আরও কয়েকবার দেশে আসেন। দেশে এসে তিনি নিয়মিতভাবে সভা-সমাবেশে অংশ নেন।


এম এ মালিকের অনুসারীরা বলছেন, তাঁদের নেতা দীর্ঘদিন প্রবাসে থাকলেও নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি সশরীর উপস্থিত না থাকলেও তাঁর অনুসারী-সমর্থকেরা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে চিকিৎসাশিবির, শীতবস্ত্র বিতরণ, খেলাধুলাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।


প্রার্থী হিসেবে এম এ মালিকের নাম ঘোষণার পর তাঁর অনুসারীরা উচ্ছাস প্রকাশ করলেও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এম এ মালিক তুলনামূলকভাবে জনবিচ্ছিন্ন। তাঁর প্রার্থিতায় অনেকে বিস্মিত হয়েছেন। অনেকে এটা মেনে নিতে পারছেন না। এ নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনাও চলছে। তবে দলের উচ্চপর্যায়ে তাঁর যোগাযোগ থাকায় অনেকে সাংগঠনিক শাস্তির ভয়ে এ বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন না।


সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যেটা ভালো মনে করেছে, সে সিদ্ধান্তই নিয়েছে। আর দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি