শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমার পাঠানপাড়া

বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের প্রতিবাদ করে বিপাকে অভিযোগকারীরা

  • প্রকাশের সময় : ৩১/০৮/২০২৫ ১১:০৫:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
124

সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ায় বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ ও মোবাইল ফোন কোম্পানির টাওয়ার স্থাপনের বিরুদ্ধে সিসিকে অভিযোগ করার পর উল্টো অভিযোগকারীরাই হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া অভিযোগকারীরা নানা ভাবে হুমকির সম্মুখীনও হচ্ছেন বলে জানা গেছে। 


জানা যায়, সম্প্রতি মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া আবাসিক এলাকায় নিয়ম না মেনে ইমারত নির্মাণের অভিযোগ এনে ইমারতের বিধিবহির্ভূত অংশ অপসারণের জন্য ৮ ভবন মালিককে চিঠি পাঠায় সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখা। এতে চিঠি প্রাপ্তির তিন দিনের মধ্যে ইমারতের বিধিবহির্ভূত অংশ অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


চিঠি পাওয়া ওই আট ভবন মালিক হলেন- সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া আবাসিক এলাকার বাসিন্দা জলিল খাঁন, মুজস্তদির খাঁন, গুলজার খাঁন, এখতিয়ার খাঁন, নাসির খাঁন, দিলদার খাঁন, দিলওয়ার খাঁন ও নাজির খাঁন।


খোঁজ নিয়ে জানা যায়, যে আট ভবন মালিককে সিসিকের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে তাদের অধিকাংশের ভবন নির্মিত হয়েছে ৪০/৫০ বছর পূর্বে। তখন ইমারত নির্মাণের কোন বিধিমালা ছিলো না এবং তখন সিলেট সিটি করপোরেশনও প্রতিষ্ঠিত হয় নি। চিঠি পাওয়া ভবন মালিকদের অভিযোগ বিগত সময়ে পাঠানপাড়া এলাকায় জনৈক ব্যক্তি কর্তৃক বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ ও মোবাইল ফোন কোম্পানির টাওয়ার স্থাপনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেয়ার পর ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাদের হয়রানির উদ্দেশ্যে সিসিকে তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দাখিল করেছেন। তারই প্রেক্ষিতে সিসিক তাদের নোটিশ পাঠিয়েছে। উপযুক্ত তদন্ত করলে হয়রানির বিষয়টি পরিস্কার হয়ে যাবে।


সরেজমিনে পাঠানপাড়া দক্ষিণ খানবাড়িতে গিয়ে দেখা যায়, তাদের মুল সড়কের বামপাশে নবনির্মিত একটি পাঁচতলা ভবন। সেই ভবনের উপরতলায় মোবাইল ফোন কোম্পানির টাওয়ার স্থাপনের লক্ষ্যে কিছু কাজ করা হয়েছে। সেই ভবনের মালিক বাসিত মিয়া, সালমান মিয়া গংদের মুল বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। তারা প্রায় দশ বারো বছর পূর্বে এখানে তিন ডিসিমেল জায়গা ক্রয় করে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছেন।


ওই বিল্ডিংটি বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে ও বিল্ডিংটির উপরে যে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে তা অবৈধ দাবী করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কিছুদিন আগে অভিযোগ দেন পাঠানপাড়া দক্ষিণ খানবাড়ির বাসিন্দারা। এবিষয়ে তারা সিলেট প্রেসক্লাবে চলতি বছরের ১৯ জুলাই সংবাদ সম্মেলনও করেন।


পাঠানপাড়া দক্ষিণ খানবাড়ির বাসিন্দাদের অভিযোগ- এই বাড়ির রাস্তাটি আট ফুট প্রসস্থ। বিল্ডিং কোড অনুযায়ী এখানে দুতলার উপর কোন ভবন নির্মাণের অনুমতি নেই। সেখানে বাসিত মিয়া, সালমান মিয়া গংরা পাঁচতলা ভবন নির্মাণ করলেন কীভাবে? সংশ্লিষ্টরা এই ভবন মালিকের বিরুদ্ধে প্রদক্ষেপ না নিয়ে নামমাত্র নোটিশ দিয়েই বসে রয়েছেন। এখন আমাদের অর্ধশত বছরের পুররনা একতলা, দু'তলা বিল্ডিংয়ের জন্য নোটিশ পাঠাচ্ছেন কী জন্য আমরা বুঝতে পারছি না।


অভিযোগের বিষয়ে সালমান মিয়া বলেন, আমরা তিন ভাই বিগত পনেরো বছর আগে জায়গা কিনে বিল্ডিং নির্মাণ করে এখানে বসবাস করে আসছি। শুরু থেকেই দক্ষিণ খানবাড়ির লোকজন নানা ভাবে আমাদের সাথে বিবাদে জড়ানোর চেস্টা করছেন। বর্তমানে নিজের বিল্ডিংয়ের উপর মোবাইল ফোন কোম্পানীর টাওয়ার স্থাপনের সময়েও তাদের আপত্তি কিষের আমি বুঝতে পারছি না। 

এবিষয়ে দু’পক্ষকেই নোটিশ পাঠিয়েছেন জানিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর  বলেন, যদি কেউ অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি