শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সাড়ে তিন বছর পর চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা হাসান

  • প্রকাশের সময় : ০৩/০৮/২০২৫ ০৮:০৮:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
64

সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের পর অবশেষে  জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হাসান আহমদ।


রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ।


জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদকে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ পান ২ হাজার ৯৭৮ ভোট। মাত্র ১৫৯ ভোটের ব্যবধান থাকায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার আবেদনসহ মামলা করেন হাসান আহমদ।


সিলেট নির্বাচনী ট্রাইব্যুনালে ০২/২০২২ নম্বর নির্বাচনী মামলার শুনানি শেষে দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে পুনঃগণনা হয়। এতে ৭৮ ভোট বেশি পেয়ে হাসান আহমদকে বৈধ বিজয়ী ঘোষণা করেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন ১৩ জুলাই গেজেট প্রকাশের মাধ্যমে সংশোধিত ফলাফল নিশ্চিত করে।


শপথগ্রহণের পর প্রতিক্রিয়ায় হাসান আহমদ বলেন, ‘এই বিজয় জনগণের বিজয়। আমাকে সরাসরি ভোট দিয়ে জনগণ নির্বাচিত করলেও বিগত সরকারের অনুগত নির্বাচন কমিশন অন্যায়ভাবে নৌকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল। আমি আদালতের আশ্রয় নিয়েছিলাম, আজ ন্যায়বিচারের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হয়েছে।’


তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার প্রিয় ইউনিয়নবাসীর প্রতি। আমি তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার মাধ্যমে জকিগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।’



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি