সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক মেম্বার ওয়াহাব আলী মেম্বারকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধনপুর গ্রামের মৃত নছিব উল্লাহ’র পুত্র ওয়াহাব আলী মেম্বারের বিরুদ্ধে থাকা মামলা নং ১০ (তাং ২২.০৬.২৫ইং)। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন।
মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামী অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী।
আদালতের নিদের্শনায় পরবর্তিতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রের্কড করে। যার নং ১০ (তাং ২২.০৬.২৫ইং)।
এদিকে ওহাব আলীর পরিবারের অভিযোগ ঘটনার দিন তিনি বাংলাদেশেই ছিলেন না। ২২ এপ্রিল ২০১২ সালে তিনি বাংলাদেশ থেকে লন্ডনে যান এবং মামলায় ঘটনার দিনের উল্লেখিত তারিখে তিনি লন্ডনেই অবস্থান করছিলেন।পরিবারের প্রশ্ন লন্ডন থেকেও তিনি কিভাবে ওই মামলার আসামী হলেন।




প্রতিদিন প্রতিবেদক



