সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সিলেট মহানগর যুবদল নেতা মুমিন আহমদের ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক, ব্ল্যাকমেইলের শিকার

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৬ ২১:১৩:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

সিলেট মহানগর যুবদল নেতা ও ব্যবসায়ী মুমিন আহমদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ অক্টোবর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।


জিডিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, মুমিন আহমদের ফেসবুক প্রোফাইলের নাম ‘M Mumin’। তাঁর অভিযোগ, ‘Suman Agrawal’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর মেসেঞ্জারে ভিডিও কল আসে। অপরিচিত ব্যক্তিকে চিনতে না পেরে তিনি কলটি কেটে দেন। পরে ওই আইডি থেকে তাঁর নামে আপত্তিকর ভিডিও তৈরি হয়েছে বলে জানানো হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।


মুমিন আহমদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির দেওয়া একটি বিকাশ নম্বরে তিনি প্রথমে ৩ হাজার টাকা এবং পরে আরও ২ হাজার টাকা পাঠান। দুই দফায় মোট ৫ হাজার টাকা দেওয়ার পরও তাঁর কাছে আরও টাকা দাবি করা হচ্ছে। পাশাপাশি মেসেজের মাধ্যমে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেছেন তিনি।


এ ছাড়া তাঁর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এসব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগের পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের ছবি বিকৃত করে আপত্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আশঙ্কার কথাও জিডিতে উল্লেখ করেছেন মুমিন আহমদ।


এ ধরনের ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে ভবিষ্যতের নিরাপত্তা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং অনলাইনে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মতো অভিযোগগুলো সাইবার নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক। এ ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স