সিলেট সীমান্তে ৭৭ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র দায়িত্বাধীন সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ীর টায়ার, গরু, ফল, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, সোয়েটার জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৭ লক্ষ ১৯ হাজার ৪০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




প্রতিদিন প্রতিবেদক



