সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

রাতারগুলে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মাঝিদের লগী-বৈঠা হাতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ২৩:৫৮:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেটের জলারবন খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্টে পার্কিং ব্যবস্থার বৈষম্য দূরীকরণ এবং বন বিভাগ কর্তৃক আরোপিত অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় নৌকার মাঝিরা। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রাতারগুলের ‘মাঝের ঘাট’ এলাকায় লগী-বৈঠা হাতে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মাঝের ঘাট ও চৌরঙ্গি ঘাট এলাকার সাধারণ গ্রামবাসীরা।


মানববন্ধনে ক্ষুব্ধ মাঝিরা অভিযোগ করেন, রাতারগুলের মাঝের ঘাট ও চৌরঙ্গি ঘাটে পর্যটকদের পার্কিং ব্যবস্থা সরকারি ফি-র আওতাভুক্ত করা হয়েছে। অথচ সিলেট সদর উপজেলার মটর ঘাট এলাকায় কোনো সরকারি পার্কিং ফি নেওয়া হচ্ছে না। পার্কিং ব্যবস্থার এই দ্বিমুখী নীতির কারণে দুই ঘাটের মাঝিদের মধ্যে চরম বৈষম্য তৈরি হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের রুজি-রুটির ওপর।


এ সময় মাঝিরা আরও বলেন, এমনিতেই পর্যটন মৌসুমে জীবিকা নির্বাহ করতে তাদের হিমশিম খেতে হয়, তার ওপর বন বিভাগ কর্তৃক নৌকার মাঝিদের ওপর অতিরিক্ত ফি ধার্য করা হয়েছে। এই অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় মাঝি সোনা মিয়া, হারিছ আলী ও আমির আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা লগী-বৈঠা হাতে প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছি। পার্কিংয়ের এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মাঝিদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত ফি প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’


সমাবেশে মাঝের ঘাট এলাকার সর্বস্তরের মাঝিরা একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


মানববন্ধনে স্থানীয় মাঝিদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনা মিয়া, আমির আলী, হারিছ মিয়া, মিনহাজ উদ্দিন, ইব্রাহিম আলী, সাহাব উদ্দিন,  সুফিয়ান আহমদ, ইরফান আলী, আবুল মিয়া, ইসমাইল আলী, সৈয়দ আহমদ, সিফত উল্লাহ, সবর মিয়া, কামাল উদ্দিন, আছাব আলী, মদরিছ মিয়া, মাজহারুল ইসলাম, রুহেল মিয়া ও ফজলু মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স