দলীয় বহিষ্কারাদেশের অবসান ঘটেছে মৌলভীবাজার জেলার যুবদলের ১০ নেতার। আবেদন বিবেচনায় নিয়ে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পূর্বের পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের তালিকায় রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদসহ সংগঠনটির আরও সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ।
এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল এবং আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশও প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের সাংগঠনিক পদে বহাল করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




মৌলভীবাজার প্রতিনিধি



