বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আম্বরখানায় হোটেল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আটক ৩

  • প্রকাশের সময় : ১৮/১১/২০২৬ ১৪:৩১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি হোটেল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার হোসেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। এছাড়া তার অবস্থানের তথ্য গোপন করার অভিযোগে হোটেলের দুই কর্মীকেও আটক করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল পলাশের একটি কক্ষে ছাত্রলীগ নেতা অবস্থান করছেন—এমন খবর পেয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হোটেলটিতে অবস্থান নেন। এ সময় তারা হোটেলের সামনে স্লোগান দিতে থাকেন। পরে বিএনপি নেতাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।


একপর্যায়ে পুলিশ হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে আটক করে। পরে তাকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।


এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হোটেলটিতে অভিযান চালানো হয়। প্রথমে ছাত্রলীগ নেতা সেখানে নেই বলে হোটেল ম্যানেজার পুলিশকে জানান। পরে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে বের করে আটক করা হয়।


তিনি আরও জানান, ভুল তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতা করার অভিযোগে হোটেল ম্যানেজারকে এবং তল্লাশির কাজে অসহযোগিতার কারণে আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা-মোকদ্দমাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স