সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত আশিক আলী (৬৫) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি ‘আঙ্গুর আলী’কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি)-৯ এবং এসএআরবি-১, উত্তরা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি আঙ্গুর আলী (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ থানার মৃত আব্দুল মান্নানের ছেলে।
এসআরবি জানায়, ভিকটিম আশিক আলী ও বিবাদীরা একই বাড়িতে পাশাপাশি বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ২৮ অক্টোবর দুপুরে ভিকটিমের নাতনি মনিশা আক্তার (১০) বিবাদী দুদু মিয়ার বাড়ির সামনে দিয়ে নদীতে গোসল করতে যাওয়ার সময় তাকে চড়-থাপড় মারেন দুদু মিয়া। শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসার পর তার বাবা মারুফ আহমেদ বিষয়টি জানতে চাইলে দুদু মিয়ার ছেলে জুবায়ের মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে ডান হাতের কব্জিতে জখম করে।
এ সময় অন্যান্য বিবাদীরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে ভিকটিম আশিক আলী ঝগড়া থামানোর জন্য এগিয়ে আসেন। তখন বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলাপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে এসএআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা জেলার তুরাগ থানাধীন খলাপাড়া কাঁচাবাজারের মেসার্স রফিক এন্টারপ্রাইজ লাল মিয়ার দোকানের সামনে থেকে প্রধান আসামি আঙ্গুর আলীকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) এ মামলার এজাহারনামীয় ৩নং আসামীকেও এসএআরবি-৯ কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।




প্রতিদিন প্রতিবেদক



