সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামক বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে সাবেক এমপির ব্যক্তিগত সচিবকে (পিএস) গ্রেফতার করা হয়েছে। এসময় লাঠিসোঁটা ও ইটপাটকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ বাড়ির উঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক বা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালায়।
এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পিএস ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) আটক করে পুলিশ।
আটককৃত বাবুল, টাঙ্গাইল জেলার, ঘাটাইল উপজেলার, কদমতলী পারশি গ্রামের বাসিন্দা।
পরে, হাওর বাংলায় তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেলসহ ৯ জোড়া জুতা উদ্ধার করা হয়।
এঘটনার প্রতিবাদে সোমবার সকালে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। তাদের দাবি, সকল দুষ্কৃতিকারী ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আটককৃত বাবুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।




ধর্মপাশা প্রতিনিধি



