সিলেটে সোমবার (১৬ নভেম্বর) থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বা কর্মবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা আগেরদিন রাতে প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতারা। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা। ফলে আজ থেকে সিলেটে পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
সিলেট মহানগর পুলিশের পক্ষে ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন জানান, ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সোমবার কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
এ তথ্য নিশ্চিত করে রাতে পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এ কর্মসূচী স্থগিত করা হয়েছে। সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
এরআগে শ্রমিক-পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শীর্ষ নেতারা।
উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।




প্রতিদিন প্রতিবেদক



