শীতের আমেজ অনুভূত হচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। শীতের আগমনী বার্তায় প্রকৃতি ধীরে ধীরে নতুন সাজে সেজে উঠছে এই শহর। সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে হিমেল হাওয়া। ভোরের প্রকৃতি ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়।
অন্যান্য দিনের মতো কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিলেও তেমন উত্তাপ নেই। চা-বাগানের সবুজ পাতায় পাতায় জমছে শিশিরবিন্দু। একইসঙ্গে বাড়ছে শীতের অনুভূতি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (১৬ নভেম্বর) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকেই শ্রীমঙ্গলে শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে শীতের আমেজ। সোমবার ভোরে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি জানান দিচ্ছিল, শীত ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের আগমনে শীতের শহর হিসেবে সুপরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতি যেন নতুন রূপ ধারণ করছে। সকাল-সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করে উঠছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এই অপরূপ দৃশ্য শ্রীমঙ্গলের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা।
শুধু প্রকৃতিতেই নয়, শীতের আগমনী বার্তা মিলছে পাখির জগতেও। শ্রীমঙ্গলের অন্যতম পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে ইতোমধ্যে অল্পসংখ্যক পরিযায়ী পাখির দেখা মিলতে শুরু করেছে।
বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন সূত্র জানায়, শীতের শুরুতেই বাইক্কা বিলে কিছু পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। শীত যত বাড়বে, পরিযায়ী পাখির সংখ্যাও তত বাড়বে। কিছুদিন পর ঝাঁকে ঝাঁকে পাখির আগমনে বিলজুড়ে তৈরি হবে প্রাণচাঞ্চল্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাইক্কা বিল ছাড়াও হাওর, খাল-বিল এবং শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের লেকগুলোতে পরিযায়ী পাখির আগমন শুরু হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব জলাশয়ে পাখির আনাগোনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠবে জলাভূমিগুলো।
শ্রীমঙ্গলের শীতের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ ছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩ দশমিক ৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শীতের শুরুতেই ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। কুয়াশায় ঢেকে যাবে চা-বাগান ও প্রাকৃতিক জলাভূমি। পরিযায়ী পাখিদের ডানায় ভর করে শ্রীমঙ্গলের প্রকৃতিতে ছড়িয়ে পড়বে শীতের অনন্য সৌন্দর্য।




প্রতিদিন ডেস্ক



