বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৬ ১৯:০১:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

রাতের নির্জন সড়ক ধরে বাসায় ফিরছিলেন এক নারী পুলিশ সদস্য। হঠাৎ পেছন থেকে এসে তাঁর মুখ চেপে ধরে তাঁকে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এক দুর্বৃত্ত। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মোটরসাইকেলে থাকা সহযোগীকে নিয়ে পালিয়ে যায় দুই তরুণ।


মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী (৩০) জুড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।


জানা গেছে, রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। পথে নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুই তরুণ তাঁকে অপহরণের চেষ্টা করেন।


ভুক্তভোগীর স্বামী বলেন, থানায় ডিউটি শেষ করে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত আটটার দিকে থানা থেকে বাসায় ফেরার সময় তাঁর স্ত্রী পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছামাত্র পেছন দিক থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসে ছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।


তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।


ঘটনাস্থলের কাছেই স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজনের মতো তিনিও তাঁর স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানা-পুলিশের অন্য কর্মকর্তারাও সেখানে আসেন।


জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকার ছিল। ওই এলাকার আশপাশে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজনকে পেছনে পেছনে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।


ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স