সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
২৮০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

শ্রীমঙ্গলে ৮০ ছাত্রীকে বাইসাইকেল দিল কারামা সলিডারিটি

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৬ ১৮:৪৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

বিদ্যালয়ে যাতায়াতের দূরত্ব যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্য সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি (বেলজিয়াম)। একই সঙ্গে ২৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ। গ্রামীণ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে সংস্থাটির এ উদ্যোগ।


সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংস্থাটির ‘ব্যাক টু স্কুল’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন ও উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব।


এ ছাড়া কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী ও কনসালট্যান্ট মো. ইসহাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ।


বিতরণ করা ৮০টি বাইসাইকেলের পাশাপাশি ছাত্রীদের সাইকেল ব্যবহারের সুবিধার্থে দেওয়া হয়েছে পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ। সাইকেলগুলো সংরক্ষণের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি স্থায়ী পাকা শেড নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।


অন্যদিকে, ২৮০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দেওয়া হয়েছে একটি ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, একটি পানির বোতল ও একটি পরীক্ষার ক্লিপবোর্ড।


আয়োজক সূত্র জানায়, বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে ‘Empowering Futures: Enhancing Education Access by Providing Bicycles to Rural Girls and Essential Learning Materials to School Children in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


প্রকল্পটির মাধ্যমে বিশেষ করে গ্রামীণ ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা কমিয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে বাল্যবিবাহ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স