মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।
রোববার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। পরে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। জব্দ করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।




কুলাউড়া প্রতিনিধি



