সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় সংঘটিত চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়া (২২)-কে সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
রোববার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত দুখু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পীরেরগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়- জগন্নাথপুরের পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমানের (৪১) পরিবারের সঙ্গে বিরোধীদের দীর্ঘ দিন ধরে জমিজমা, খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই দিন আগে পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে গত ২৭ অক্টোবর সকালে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ভাই ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় পরে নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানী সিলেটের একটি যৌথ দল শনিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামি দুখু মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে এসআরবি-৯।




প্রতিদিন প্রতিবেদক



