মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন মো. মোজাহিদুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মোজাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক বলে জানান।
লিখিত বক্তব্যে মোজাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে শ্রীমঙ্গল শহরের ছয়ঘর রোড এলাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে যাওয়ার পথে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তাঁর ভাষ্য, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। পরে তিনি সেখান থেকে নেমে এক আত্মীয়ের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।
মোজাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার সময় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন এবং ফারদিন ইসলাম পিয়ালসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং শ্রীমঙ্গল থানার পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।




শ্রীমঙ্গল প্রতিনিধি



