সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৬ ১৪:৪৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্ত হয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।


জানা গেছে, তাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে হাইকমিশন।


সোমবার (৯ নভেম্বর) সকালে ই–মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির কূটনৈতিক একটি সূত্র। এই সূত্রের দাবি অনুযায়ী, মেইল পাওয়ার পরপরই পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেইলটি পাঠিয়ে দিয়েছে দিল্লি হাইকমিশন।


তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।


এ ব্যাপারে হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে সেখানে।


এর আগে, রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন।


রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, অভ্যুথানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।


নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার এই পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বার্তাসংস্থাটির প্রতিবেদনে।


অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী। বাস্তব পরিস্থিতির বিচারে ওই সময় তার এই ঘোষণাকে পলিটিক্যাল স্ট্যান্টবাজি হিসেবে মনে করা হলেও শেখ হাসিনা বেশ কয়েকবারই এমন ঘোষণা দিয়ে আসছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার আসার পরপরই শেখ হাসিনা আবার ঘোষণা দিয়ে বসেন, এ বছরই ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি।


তবে ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পেতে চায় বর্তমান সরকার। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনাও চলছে।


এ পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।


জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করেছেন।


শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তারা তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।


চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তার আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স