বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অস্ত্র-গুলিসহ আটক ২ ভারতীয় নাগরিক

সিলেট সীমান্তে বিজিবির জিরো টলারেন্স

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৬ ২৩:০৭:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

, 

সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।


প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক কিংবা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। সবার সচেতনতা ও সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।


বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর (বুধবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস-এর মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে দুই ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় আনারস বাগান নামক এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।


আটকের সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।


পরবর্তীতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্র ও গুলিসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স