বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

মাধবপুরে ভয়াবহ দুর্ঘ.টনায় ৩ জন নি.হ.ত

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৬ ১৩:৩৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

​হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে ও ডাকবিভাগের কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে ও ডাক কর্মচারী মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।


হাইওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


​রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে দুই সহকর্মীর এমন আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে পুরো ডাক পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের এই অকাল মৃত্যুতে ডাক বিভাগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স