সিলেটের গোলাপগঞ্জে জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ আমলগ্রহণকারী আদালত-২ তথা সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলাটি (গোলাপগঞ্জ সি.আর মামলা নং-৫৪৮/২০২৬ইং) দায়ের করেন। পরে মামলাটি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৬, তারিখ: ৭ নভেম্বর ২০২৬ ইংরেজি হিসেবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে উপজেলার মাশুরা গ্রামের ছিলিমপুর নামক স্থানে কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের দাবিতে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন বাদী জাকির হোসেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির হোসেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ করেছেন বাদী। এদিকে ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে জাকির হোসেন ৪ দিন চিকিৎসা গ্রহণ করেন।
এজাহার সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালে জাকির হোসেনের চাচাতো ভাইসহ ৩৫ থেকে ৪০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে টয়লেটের ট্যাংকি নির্মাণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে কথা বলায় জাকিরের ওপর আসামিরা ক্ষুব্ধ ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতে জামিনের আবেদন করতে গেলে মামলার ৬ নম্বর আসামি নজরুল ইসলাম পলাশের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাদী জাকির হোসেন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর গত ১০ নভেম্বর মামলার কয়েকজন আসামি জামিনে মুক্তি পেয়ে তাকে পুনরায় হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান জাকির হোসেন।
তিনি আরও অভিযোগ করেন, মামলার ৩ নম্বর আসামি বাদেপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০২৪ সালে ওই ব্যক্তি ৩৫ থেকে ৪০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে টয়লেটের ট্যাংকি নির্মাণ করেন। পরে ভুক্তভোগী পরিবারগুলো সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে তিনি ক্যাম্পে গিয়ে মুচলেকা দেন বলে দাবি করেন বাদী।
এছাড়া মামলার আরেক আসামি বর্তমানে জেলহাজতে থাকা নজরুল ইসলাম পলাশ ২০১৪ সালে অন্য একটি বিরোধের ঘটনায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
জাকির হোসেনের অভিযোগ, এরপরও আসামিরা তার ও তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এছাড়া মামলার ১ ও ৩নং আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সজল চন্দ্র দাস বলেন, মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।




প্রতিদিন ডেস্ক



