মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
জিওসাইকেল সপ্তাহ উদযাপন

সিলেট নগরীর প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক

  • প্রকাশের সময় : ২৯/০৯/২০২৬ ১৪:৩৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং লাফার্জহোলসিম বাংলাদেশ। এ লক্ষ্যে সিলেট নগরীর প্রতিটি স্কুলে সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশ এর উদ্যোগে পরিচালিত হবে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম। 


এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শহরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে সিসিক ও লাফার্জহোলসিম।


অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক ইতিমধ্যে মাইলফলক কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এই পদক্ষেপগুলো সফল করতে ব্যক্তি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ জরুরী। আর এটা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে তরুন সমাজের। তাই শহরের প্রতিটি স্কুলে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাবো।”


লাফার্জহোলসিম বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, “লাফার্জহোলসিম দারুন কাজ করছে। তারা গত বছর তাদের জিওসাইকেল প্রকল্পের আওতায় সিসিকের ১০ হাজার টন প্লাস্টিক নিরাপদে কো-প্রসেস করেছে। সামনের দিনগুলোতে এর পরিমান আরো বৃদ্ধি পাবে। লাফার্জহোলসিমকে সাথে নিয়ে আমরা সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলবো। আগামী প্রজন্ম এগিয়ে আসলেই এই উদ্যোগ সফল হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “সিসিক চেষ্ট করে যাচ্ছে, তবে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। এই উদ্যোগকে সফল করে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ছাত্র-ছাত্রীরা। তাদের মধ্যে সচেতনতা তৈরি করে প্রতিটি পরিবারের পৌঁছানোই আমাদের লক্ষ্য।”


লাফার্জহোলসিম বাংলাদেশে হেড অব জিওসাইকেল লতিফুর রহমান অগ্রগামী স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সিসিকের সাথে যৌথভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আমরা কাজ করছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পাশে চাই। ভবিষ্যৎ প্রজন্ম এই প্রক্রিয়ায় যুক্ত হলে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন সিলেট সিটি সত্যিই একটি প্লাস্টিক দূষণমুক্ত নগরী হবে।”


অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং পরিবেশবিদ সহ অন্যান্যরা। 


পরিশেষে ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে ‘প্লাস্টিক দূষণমুক্ত নগরী’ বিষয়ে আয়োজিত দেয়াল লিখন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহনকারী সকলকে পুরষ্কৃত করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স