রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সিলেটে ভোট পড়েছে ২০ শতাংশ

  • প্রকাশের সময় : ১২/০২/২০২৬ ১৫:১৮:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
27

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরুর প্রথম ৪ ঘণ্টায় সিলেটের ছয়টি আসনে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারওয়ার আলম বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। কোথাও ১০ শতাংশ, কোথাও ১২ বা ১৫ শতাংশ, আবার কোনও কোনও কেন্দ্রে ১৭ শতাংশ পর্যন্ত ভোট পড়ার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। এই হারকে সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সিলেট অঞ্চলে সাধারণত ভোটাররা সকালে কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন। সেই বিবেচনায় বর্তমান উপস্থিতি মোটামুটি ভালো।

তিনি আশা প্রকাশ করে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। দিনের শেষে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তবে সামগ্রিক ভোটের হার এখনই নির্দিষ্ট করে বলা কঠিন বলে মন্তব্য করেন তিনি। 

গত রাতে দু-একটি স্থানে সামান্য সমস্যা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে সারওয়ার আলম বলেন, বর্তমানে সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সবাইকে সহনশীল আচরণ করতে হবে এবং কোনও ধরনের সহিংসতা বা নির্বাচনী আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে হবে। জনগণ যাকে নির্বাচিত করবেন, সেই ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন ছয়জন। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি