আগামী ২ মাসের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটি গঠন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রবিবার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, সকল ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূলের কমিটি গঠন করতে হবে। ত্যাগী নেতাকর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমান হয় না। তাই তাদের অভিমান ভেঙ্গে কমিটিতে আনতে হবে। মনে রাখতে হবে- তূণমূলই আওয়ামী লীগের প্রধান শক্তি।
আওয়ামী লীগের ক্ষমতাসীন ১২ বছরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে। তাই কুচক্রিমহলের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। উন্নয়ন সকলের মাঝে পৌছে দিতে হবে। গ্রামে-গঞ্জে সকল মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন বুঝিয়ে দিতে হবে।
তিনি বলেন, সুনামগঞ্জ আওয়ামী লীগের ঘাটি ছিল। বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই সকলকে এক ও ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আজিজুস সামাদ ডন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার ইনামুল কবীর ইমনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।




প্রতিদিন প্রতিবেদক



