সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনার ব্যাপারে পুলিশ কিংবা কাউন্সিলরের কাছে কোন তথ্য মিলছে না।
প্রত্যক্ষদর্শী সূত্র ও দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাউজিং এস্টেটের ৬ নম্বর লেনে একটি রিকশার পেছন থেকে হুট করে একটি মোটরসাইকেল বের হয়েই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি হয় এবং সংঘর্ষ ঘটে। এসময় একটি মোটরসাইকেলের পেছনের আরোহী ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী। কিন্তু তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, 'দুর্ঘটনার কথা আমি আমি শুনেছি। তবে এতে কারও মৃত্যু হয়েছে বলে আমার জানা নেই।'
মৃত্যুর বিষয়ে কিছু জানা নেই পুলিশের কাছেও। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির বলেন, আমরা আজ সকালে খবর পেয়েছি। পরে ওসমানী হাসপাতালে খবরও নিয়েছি। কিন্তু কোথাও মৃত্যুর কোনো খবর পাইনি। হাসপাতালেও বিমানবন্দর থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্যুর কোনো তথ্য নেই।




প্রতিদিন প্রতিবেদক


