সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাগুলোতে ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাস করে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত এলাকাগুলোকে পূনর্বিন্যাস করে নতুন ১১টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ড গঠন করা হয়েছে।এ নিয়ে মোট সাধারণ ওয়ার্ড ৩৯টি ও সংরক্ষিত ১৩টি ওয়াড গঠন করা হয়েছে। ২৪শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসন সিলেট সিটি কর্পোরেশন নিয়ে নতুন ওয়ার্ড তালিকা প্রকাশ করেছে।
কিন্তু সিলেট জেলা প্রশাসনের প্রকাশিত তালিকাতে কুচাই ইউনিয়ন নিয়ে কোনো ওয়ার্ড নেই। বিগত দিনে সরকারি গেজেটে কুচাই ইউনিয়ন সহ সিসিকের বর্ধিত এলাকার গেজেট প্রকাশিত হয়েছিলো। গেজেট প্রকাশের পরে হাইকোর্টে কুচাই ইউনিয়নের কতিপয় নাগরিক রিট দাখিল করে সরকারি গেজেটের উপর ৬ মাসের স্থগিতাদেশ নিয়ে আসেন। পরবর্তীতে সরকার পক্ষ ও সামাজিক সংগঠন ফ্রেন্ডস ৯০ উচ্চতর আদালতে রিটের বিরুদ্ধে আপীল করলে রিটের আদেশের উপর ৬ সপ্তাহের স্থগিতাদেশ জারি হয়। যার ফলে কুচাই ইউনিয়নবাসী আবার আশাবাদী হয়, কিন্তু বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসন কোন আইনী বাধা না থাকা সত্তেও সিসিক নিয়ে ওয়ার্ড বিন্যাসে কুচাই ইউনিয়ন না থাকায় ইউনিয়নবাসী আবার হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
কুচাই ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়রের সাথে একটি প্রতিনিধি দল আলোচনায় বসেন। এ সময় তারা আইনি ও জেলা প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত কুচাই ইউনিয়নের নাগরিক বিশিষ্ট ব্যবসায়ী খসরুজ্জামান জানান, আমরা কুচাই ইউনিয়নবাসী কে বঞ্চিত করা হয়েছে। এর প্রতিবাদে কুচাই ইউনিয়নবাসিকে নিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচী, প্রতিবাদ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী নিয়ে আন্দোলনে নামবো।
ব্যবসায়ী সাবুল বলেন, আমরা আইনী লড়াইয়ের পাশাপাশি ইউনিয়নবাসীকে নিয়ে দাবি আদায়ে আন্দোলন করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনা মিয়া, সহসভাপতি রফিকুল ইসলাম রফু, সাহাবুদ্দিন সাবুল, রফিক উদ্দিন, আব্দুল বাছিত আব্দুর রব, আব্দুল হাছিব, আব্দুর রশিদ,জলফু মিয়া, সাহেদ আহমদ, মালেক মিয়া,সরওয়ার খান মাজেদ, গোলাম রব্বানি,জাহাঙ্গীর আলম সহ কুচাই ইউনিয়নের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কুচাই ইউনিয়নের প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে অচিরেই কুচাই ইউনিয়ন এরওয়ার্ডগুলো ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু করা হয়েছে।




প্রতিদিন ডেস্ক



