বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের রেকর্ড

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৪:৪৩:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

২০২১ সালে ইউরোপের দেশগুলোতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন৷ তবে যত আবেদন জমা পড়েছে তার ৯৬ শতাংশই প্রত্যাখ্যাত হয়েছে৷ আশ্রয় আবেদনের স্বীকৃতির বিবেচনায় বাংলাদেশিরা রয়েছেন সবার নিচে।

২০২১ সালে ‘ইইউ প্লাস' (ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, আইসল্যান্ড, লিশটেনস্টাইন) দেশগুলোতে বিভিন্ন দেশের অভিবাসী, শরণার্থীদের মোট ছয় লাখ ১৭ হাজার ৮০০টি আশ্রয় আবেদন জমা পড়েছে৷ এই সংখ্যা ২০২০ সালের তুলনায় এক তৃতীয়াংশ বেশি৷ ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) আশ্রয় আবেদনের প্রবণতা সংক্রান্ত বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

আশ্রয় আবেদন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আফগান ও সিরীয়রা৷ তালিকার শীর্ষে মধ্যে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোরই রয়েছে প্রাধান্য৷ প্রথম পাঁচে রয়েছে সিরিয়া, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান ও তুরস্ক৷ ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা আছেন ষষ্ঠ অবস্থানে৷ গত বছরের চেয়ে এই আবেদনের হার তিন চতুর্থাংশ বেড়েছে৷ এদের মধ্যে রেকর্ড সংখ্যক ‘অপ্রাপ্তবয়স্ক’ বাংলাদেশিও আছেন।

নিজ দেশে বর্ণ, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক কারণে কেউ নির্যাতনের শিকার হলে বা কারও জীবন হুমকির মুখে থাকলে তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউরোপের দেশগুলোতে সুরক্ষা চেয়ে আবেদন করতে পারেন৷ ২০২১ সালে প্রায় ২০ হাজার বাংলাদেশি এমন আশ্রয় আবেদন করেছেন৷ ২০১৪ সাল থেকে এই পরিসংখ্যান প্রকাশের পর থেকে এটি বাংলাদেশিদের সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

ইইউএএ-র প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের তুলনায় গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন ৭৭ শতাংশ বেড়েছে৷ ২০২১ সালে বেশিরভাগ আশ্রয় আবেদন জমা পড়েছে বছরের শেষার্ধে৷ প্রতি ১০টির মধ্যে নয়টিই ছিল প্রথমবারের মতো আবেদন।

উল্লেখ্য, প্রথমবার আবেদন প্রত্যাখ্যাত হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা পুর্নবিবেচনার আবেদন করতে পারেন আশ্রয়প্রার্থীরা।

২০২১ সালে বাংলাদেশিদের প্রায় ১৬ হাজার ৩০০টি আশ্রয় আবেদন নিষ্পত্তি হয়েছে৷ আগের বছরের চেয়ে এই সংখ্যা দুই তৃতীয়াংশ বেড়ে ২০১৮ সালের রেকর্ড পরিসংখ্যানের কাছাকাছি পৌঁছেছে।

তারপরও ২০২১ সালের ডিসেম্বর নাগাদ ১২ হাজার ১০০টি আবেদন ঝুলে ছিল৷ এর মধ্যে পাঁচ ভাগের তিন ভাগ আবেদন করা হয়েছে ছয় মাসের কম সময়ের মধ্যে।

ইইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের আবেদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রত্যাখ্যানের হারও৷ ২০২১ সালে ৯৬ শতাংশ ক্ষেত্রেই বাংলাদেশিদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে৷ অর্থাৎ, মাত্র চার শতাংশ আবেদনকারী শরণার্থী বা ‘সাবসিডিয়ারি প্রটেকশনের' অধীনে ইউরোপে বসবাসের অনুমতি পেয়েছেন৷ ২০২১ সালে সব দেশ মিলিয়ে আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণের গড় হার ছিল ৩৫ শতাংশ।

আবেদন গৃহীত হওয়ার মধ্যে শীর্ষে রয়েছেন ইরিত্রিয়ান (৮১%), ইয়েমেনিস (৭৯%), বেলারুশ (৭৫%), সিরিয়ান (৭২%) ও আফগানরা (৬৬%)৷ অন্যদিকে প্রত্যাখ্যাতদের মধ্যে উপরের দিকে রয়েছেন বাংলাদেশিরা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স