শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সিলেটে জ্বালানি তেল সংকট প্রকট: আন্দোলনের হুমকি

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০১:৫২:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মোহাম্মদ নুরুল ইসলাম: সিলেটে জ্বালানি তেল সংকট প্রকট আকার ধারণ করেছে। স্থানীয় ব্যবসায়ীরা এই তেল সংকটের কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারলেও কর্তৃপক্ষ বলছেন অন্য কথা। তাদের বক্তব্য অনুযায়ী সিলেটে তেল সংকট নেই তবে কিছুটা ঘাটতি আছে। এই পরিস্থিতিতে বুধবারের মধ্যে সিলেটে তেল সংকট নিরসন না হলে আন্দোলনের চিন্তা-ভাবনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, সিলেটে গত প্রায় দেড় বছর থেকে তেলের সরবরাহ অপ্রতুল। এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা কোন মতে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গত বছরের অক্টোবরে সিলেটে তেলের তীব্র সংকট দেখা দেয়ার ফলে স্থানীয় ব্যবসায়ীরা দফায় দফায় বৈঠক করে আন্দোলনের হুমকি দেয়ার ফলে পরে তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়। কিছুদিন স্বাভাবিক থাকার পর আবারও সিলেটে তেলের সংকট দেখা দিয়েছে। তেল সংকটের কারণে দিনে দিনে স্থবির হয়ে পড়ছে এর সাথে জড়িত বিভিন্ন খাতের মানুষের জীবনযাত্রা। এই সংকটের জন্য সংশ্লিষ্টরা চট্টগ্রামে তেল শুন্যতা ও রেলের ওয়াগন সংকটকে দায়ী করছেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে জ্বালানি তেলের উৎপাদন বন্ধ থাকার কারণে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সিলেটে প্রতিদিন প্রায় ১০ লক্ষ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে বর্তমানে সরবরাহ আছে মাত্র ৩ থেকে সােয়া ৩ লক্ষ লিটারের মতাে। বর্তমানে যে তেল সরবরাহ হচ্ছে তা সিলেটের ৪ টি ডিপাের মধ্যে ভাগ করে নেন তারা। এর জন্য কোন কোম্পানীই তাদের গ্রাহকের চাহিদা পূরণ করতে পারেন না। সুত্রে জানা যায়, সিলেটের পেট্রোল পাম্পগুলােতে জ্বালানি তেল আসে চট্টগ্রাম থেকে। সিলেটে তেল সরবরাহ রেলের ওয়াগন নির্ভর। সংশ্লিষ্টদের অভিযােগ রেল বিভাগের উদাসিনতার কারণে তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তাদের দাবী রেল কতৃপক্ষ আন্তরিক হলে এই সংকট অনেকটা কাটিয়ে উঠা সম্ভব।

সূত্রে জানা যায়, এক বছর পূর্বেও সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন করে সিলেটের পাম্পে জ্বালানী সরবরাহ করা হতাে। তখন সিলেটকে কখনাে জ্বালানি তেলের সংকটের মুখােমুখি হতে হয়নি। ১ বছরের বেশী সময় থেকে সিলেটের গ্যাসফিল্ড থেকে পাম্পে জ্বালানি সরবরাহ পুরােপুরি বন্ধ করে পরিকল্পিতভাবে সিলেটের পাম্প মালিকদেরকে ওয়াগনের মাধ্যমে চট্টগ্রাম থেকে জ্বালানী সরবরাহ করা হচ্ছে। সিলেটের গ্যাসফিল্ড থেকে জ্বালানি তেল উৎপাদন বন্ধ করাকে সিলেট বিদ্বেষী ষড়যন্ত্র হিসেবে দেখছেন সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীগণ।

এদিকে, রাষ্ট্রিয় মালিকানাধীন তেল বিপননকারী প্রতিষ্ঠানগুলোর সিলেটের কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটে প্রতি সপ্তাহে ৩ থেকে ৪টি তেলবাহী ওয়াগন আসে। প্রতিটি ওয়াগনে গড়ে ৩ লক্ষ লিটার করে জ্বালানি তেল থাকে। তবে ওয়াগনগুলোর সিডিউলের কারণে কখনো কখনো ওয়াগন আসা বিলম্বিত হয়। এছাড়া গত সপ্তাহে চট্টগ্রামে তেলের ঘাটতি থাকার কারণেও সিলেটে তেলের ঘাটতি দেখা দেয়।

রাষ্ট্রীয় তেল বিপননকারী প্রতিষ্ঠান যমুনা ওয়েল কোম্পানী সিলেট কার্যালয়ের বিক্রয় প্রতিনিধি মনসুর আহমেদ বলেন, রেলের ওয়াগন আসার সিডিউলের কারণে সিলেটে কিছুটা তেল সংকট দেখা দেয়। সিলেটে তেল সংকট নেই তবে কিছুটা ঘাটতি আছে বলেও তিনি মন্তব্য করেন।

যমুনা ওয়েল কোম্পানী চট্টগ্রামের এজিএম (সেলস) হাসান ইমাম সিলেট প্রতিদিনকে বলেন, গত সপ্তাহে চট্টগ্রামেও তেলের ঘাটতি ছিলো এর প্রভাব সিলেটেও পড়েছে। তবে আজ তেল লোড হচ্ছে দু’তিন দিনের মধ্যে সিলেটে তেল পৌছে যাবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটে তেল সরবরাহ করা হয় রেলের মাধ্যমে রেলের সীমাবদ্ধতার কারণে সব সময় তেল সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। তবে তারা স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে বিকল্প উপায়ে তেল সরবরাহ করবেন বলে তিনি জানান।

এ বিষয়ে, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সিলেট প্রতিদিনকে বলেন, সিলেটে জ্বালানি তেল সরবরাহ ওয়াগন নির্ভর হওয়ায় আমাদেরকে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। গত এক সপ্তাহ থেকে সিলেটে তের নেই। বুধবারের মধ্যে তেল সরবরাহ করা না হলে আমরা বসে আন্দোলনে যাওয়ার চিন্তা করছি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স