শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ভাষা শহীদদের সম্মানে ৫২ কি.মি. দৌঁড়ালেন সিলেটি ১০ তরুণ

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০১:৩৯:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একঝাঁক তরুণ নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। আর এ দিনে ভাষা শহীদদের সম্মানে সিলেট-সুনামগঞ্জ সড়কের ৫২ কিলোমিটার পথ দৌঁড়ালেন ১০ তরুণ। সিলেটস্থ সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি ‘ভালো থাকুক মায়ের ভাষা’ স্লোগান নিয়ে বিভিন্ন পেশার ১০ জন দৌড়বিদ দৌঁড়ে সিলেট থেকে সুনামগঞ্জে পৌঁছান।

সেই জায়গায় পৌঁছার পর সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মেয়রসহ বিশিষ্টজনরা তাদের অভ্যর্থনা জানান।

প্রথমবারের মতো এই আয়োজনে দৌড়বিদদের সঙ্গে স্বেচ্ছাসেবীরা বাইসাইকেলে অংশ নেন। ভাষা শহীদদের সম্মান জানানোর এই আয়োজন দেখতে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে অনেকেই ভিড় করেন।কর্মসূচি শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে।

২১ ফেব্রুয়ারি রাত ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ অভিমুখে দৌড় শুরু হয় সিলেট শহরতলির মোল্লারগাঁও এলাকা থেকে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্মরণে সিলেট-সুনামগঞ্জ সড়কের ৫২ কিলোমিটার পথ নির্ধারণ করা ছিল আগে থেকেই।

তরুণ দৌড়বিদ আমিনুল হক মাসুক, রোটারিয়ান সুমন মুনশি, মিজানুর রহমান, মো. রায়হান আলম তুহিন, শরীফ সোহাগ, মামুনুর রশিদ, এবাদ উল্লাহ, হিফজুর রহমান, জাহাঙ্গীর আলম জানু ও হাসান মাসুদ হিল্লোলের সমন্বয়ে দলটি দুপুর ১২টায় সুনামগঞ্জে প্রবেশ করে। পথে পথে যাত্রা বিরতিতে চলে ‘ভালো থাকুক মায়ের ভাষা’ প্রচারণা।

দৌড়বিদ মো.শরীফ আহমেদ বলেন, আমরা ১৯৫২ সালের ভাষা শহীদদের সম্মানে এই ৫২ কিলোমিটার দৌড়ের আয়োজন করেছি। প্রয়োজনের তাগিদে আমরা যত ভাষাই শিখি না কেন, মাতৃভাষাটা যেন সমৃদ্ধ ও সবার ঊর্ধে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মায়ের ভাষাকে যেন আমরা ভুলে না যাই।

দৌড়বিদ মো. রায়হান আলম তুহিন বলেন, ‘ভালো থাকুক মায়ের ভাষা’ এই স্লোগানকে সামনে রেখে ৫২ কিলোমিটার পথ অতিক্রম করেছি আমরা।বায়ান্নর চেতনা সবার মাঝে পৌঁছে দিতে এই উদ্যোগটি ২১ ফেব্রুয়ারি নিয়েছি। প্রতিটি মাতৃভাষা পৃথিবীতে শ্রদ্ধাভরে বেঁচে থাকুক এই চাওয়া আমাদের।

এদিকে এই তরুণদের দেখতে দুপুর থেকে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে ভিড় করেন সংস্কৃতিকর্মীসহ শহরের বিশিষ্টজনরা।

তারা বলেন, মাতৃভাষাকে সম্মান জানিয়ে তরুণদের এই আয়োজন আনন্দিত করেছে আমাদের।সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বলেন, মায়ের ভাষা ব্যবহারের প্রচলন হলেই ভাষা শহীদদের আত্মা শান্তি পাবে। বায়ান্নকে আরও ভালোভাবে উপস্থাপন করার জন্য ৫২ কিলোমিটার দৌড়ে তরুণারা সুনামগঞ্জ এসেছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স