পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরকে ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাউথওয়েস্ট ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল’-এর ভিজিটিং প্রফেসর চেং ঝিজং।
ইমরান খানের রাশিয়া সফর নিয়ে যা বললেন চীনা বিশ্লেষক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। চারহার ইনস্টিটিউটের এই জ্যেষ্ঠ ফেলো বলেন, এখানে ২৩ বছরের ব্যবধান—যা বিশেষভাবে উল্লেখযোগ্য, রাশিয়া পাকিস্তানি কোনো নেতাকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছে। এটি আন্তর্জাতিক স্তরে ইমরান খানের উচ্চ-মর্যাদা ও নেতৃত্বের বৈশিষ্ট্যেরও প্রতিফলন।
তিনি বলেন, ইমরান খানকে অনেক সম্মান করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানি নেতার বক্তব্য এখন বৈশ্বিক পর্যায়ে গ্রহণযোগ্য, হোক না তা আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক কোনো ইস্যুতে। এতে পাকিস্তানি জনগণ ও জাতির মর্যাদাকেই এগিয়ে নিচ্ছে।
রোববার নিজের বিশ্লেষণে এই অধ্যাপক বলেন, তার এই সফরে প্রধানত তিনটি কৌশলগত দিক রয়েছে। যা হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের তাৎপর্যপূর্ণ অগ্রগতি, যুক্তরাষ্ট্র ভারতের ঘনিষ্ঠ হলে রাশিয়া পাকিস্তানের দিকে ঝুঁকেছে এবং পাকিস্তান, চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক দিয়ে বাহ্যিক শক্তিগুলোর উত্তেজনা নিয়ন্ত্রণ করা সম্ভব।
আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে চেং ঝিজং বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের ব্যাপক গুরুত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কূটনীতিতে ভূ-অর্থনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছে। বড় বড় পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখতে তাদের অঙ্গীকার জোরালো ও সফল।
গত মাসে পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন ইমরান খান। তখন দুই নেতা পরস্পরকে আমন্ত্রণ জানিয়েছেন। এ সময়ে নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননার বিরুদ্ধে পুতিনের জোরালো বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইমরান খান।




প্রতিদিন ডেস্ক



