হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সিলেটের সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
সিলেটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনতৈকি দল থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে ওঠে সিলেটের স্মৃতির মিনার। রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ-সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে তা ভরিয়ে তুললেন জনতা।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করতে শহিদমিনার প্রাঙ্গনে ভিড় করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার ভোরে স্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়েছে।এছাড়া বিভিন্ন সংগঠন সকালেও শ্রদ্ধা নিবেদন করবে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।




প্রতিদিন প্রতিবেদক



