পয়লা ফাল্গুন সোমবার (১৪ ফেব্রুয়ারি ২০২২) সকালে ঋতুরাজ বসন্তের প্রথমদিনে বর্ণিল আয়োজনে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওপেনডে প্রোগ্রাম ২০২২। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ওপেনডে প্রোগ্রামে স্প্রিং ২০২২ সেমিস্টারে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিকাল ২টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রম নবীনদের মাঝে প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. রাগীব আলী বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও দক্ষ শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত লিডিং ইউনিভার্সিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতেও এ বিশ্ববিদ্যালয় অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটগন দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে এবং তারাই লিডিং ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে দিচ্ছে।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা নবীন শিক্ষার্থীদের লিডিং ইউনিভার্সিটিতে সুন্দর এবং কার্যকর শিক্ষাজীবন কামনা করে বলেন, উচ্চশিক্ষা গ্রহনের সূচনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা লিডিং ইউনিভার্সিটিতে রয়েছে। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ খুবই আন্তরিক। যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীরা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করলে তাৎক্ষণিক সহায়তা পাবে। তিনি নবীনদেরকে লিডিং ইউনিভার্সিটির পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে সবার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী বাধন দাস এবং বিএ অনার্স ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী টিকলী তালুকদার দোলার উপস্থাপনায় নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম। স্বাগত বক্তব্যের পর নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদেরকে বসন্তের শুভেচ্ছা এবং লিডিং ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন সাব-কমিটির কনভেনার মিসেস রুম্পা শারমিন।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিএ অনার্স ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী তুফা হোসেন নোভা।
নবীন বরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সকল আন্ডারগ্রাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের ভর্তি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



