সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে মামুনুর রশীদ মামুন নামে এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশীদ মামুন মহানগরীর কোতোয়ালি থানাধীন মিরাবাজার এলাকার ১৮/১, চন্দনীটুলা (উদ্দীপন) এলাকার আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মিরাবাজার এলাকায় ময়লা-আবর্জনা ও পয়োনিষ্কাশনের নোংরা পানি ফেলে পরিবেশ দূষণ এবং এর প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে গত ১ জুলাই সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আদালতের পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন,আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




প্রতিদিন ডেস্ক



